ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিনেও হয়নি ব্রিজ, ৪০ হাজার মানুষের একমাত্র ভরসা সাঁকো

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০২:৫৫:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৩:৫৮:২৭ অপরাহ্ন
দীর্ঘদিনেও হয়নি ব্রিজ, ৪০ হাজার মানুষের একমাত্র ভরসা সাঁকো ছবি : সংগৃহীত
ঝিনাইদহের কপোতাক্ষ নদে দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। জেলার মহেশপুর পৌরসভা ও ফতেপুর ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষের কষ্টের যেন শেষ নেই। বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে করতে হচ্ছে চলাচল। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক ও কৃষিপণ্য বহনেও ভোগান্তির শেষ নেই।

সরেজমিনে দেখা গেছে, মহেশপুর পৌরসভার জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কপোতাক্ষ নদের ওপর বাঁশের সাঁকো। যা দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পার হন নারী-পুরুষ, শিশু সহ সব বয়সের মানুষ। কৃষি পণ্য বাজারে নিতে হলেও স্থানীয়দের ভরসা এই সাঁকো। পারাপারের সময় প্রায়ই ঘটে দুর্ঘটনা।

স্থানীয় বাপ্পি শেখ বলেন, ‘এলাকাবাসীর উদ্যোগে প্রতিবছর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। বর্ষাকালে সাঁকো পানিতে তলিয়ে যায়। কখনো কখনো সাঁকো ভেঙে পড়ে। সাঁকো দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বাজারে যাতায়াতকারীদের ভোগান্তি বাড়লেও কর্তৃপক্ষের সুনজর পড়েনি।’

সাহেব আলী নামে আরেক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, বেশ কয়েকবার ব্রিজ নির্মাণের জন্য সমীক্ষা চালানো হলেও ব্রিজের নির্মাণ শুরু হয়নি। বিজ্র নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে একাধিকবার সরেজমিন জরিপও চালানো হয়েছে। রাজনৈতিক নেতারা বারবার আশ্বাস দিলেও সুফল পাননি এলাকাবাসী।

এ বিষয়ে ঝিনাইদহ এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী শিব শঙ্কর সাহা বলেন, ‘ব্রিজটি নির্মাণে আন্ডার ১০০ মিটার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এরই মধ্যে টপোগ্রাফি সার্ভে (ভূমি সংস্থান জরিপ) সম্পন্ন হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ব্রিজের নির্মাণকাজ আমরা শুরু করতে পারব।’
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ