পাকিস্তানের অনুরোধ হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করে যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-০৫-২০২৬ ১২:৩৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৫-২০২৬ ১২:৪৭:১১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পাকিস্তানের অনুরোধেই ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হয়েছিল। সোমবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তান যুক্তরাষ্ট্রকে জানায় যে হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হলে ইরানের সঙ্গে একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হতে পারে। মার্কো রুবিও বলেন, ‘কূটনীতিকে সুযোগ দিতেই প্রকল্পটি বন্ধ রাখা হয়েছিল।’ তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছেন।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইসলামাবাদ বিশ্বে এখন একটি ন্যায়পরায়ণ মধ্যস্থতাকারী ও বিশ্বস্ত দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে। রোববার (১৭ মে) দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো পাকিস্তানের ওপর আস্থা রাখছে। শান্তি আলোচনায় পাকিস্তানকে ক্রমেই একটি নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের পারস্পরিক সমন্বয়ের ফলে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী হয়েছে।’ শাহবাজ শরিফ জানান, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতির মধ্যেও পাকিস্তান দায়িত্বশীল ও কার্যকর কূটনৈতিক ভূমিকা বজায় রেখেছে। পাশাপাশি গত দুই বছরে দেশের অর্থনীতি স্থিতিশীল করা হয়েছে এবং মূল্যস্ফীতি এক অঙ্কে নামিয়ে আনা সম্ভব হয়েছে।’
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স