ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১১:৫৩:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১১:৫৩:১৪ পূর্বাহ্ন
সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী ফাইল ছবি
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৫৪টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (১৬ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

এ ছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৪টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ২০ হাজার ৮০ জন হজযাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন। সবমিলিয়ে সরকারি মাধ্যমে ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৫৫ হাজার ৩৩৯ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

এদিকে চলতি বছর হজ করতে সৌদি আরবে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে হজ করতে মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়ে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন মহিলা। যাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ