ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​শান্তি ও টেকসই উন্নয়নে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০১:৪১:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০১:৪২:১২ অপরাহ্ন
​শান্তি ও টেকসই উন্নয়নে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ​ছবি: সংগৃহীত
গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১৪ মে) নিউইয়র্কে জাতিসংঘের রাজনৈতিক, শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবনির্বাচিত সরকারের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরে বলেন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জনসেবার মান উন্নয়ন এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, সামাজিক-অর্থনৈতিক ঝুঁকি ও দুর্বলতা মোকাবিলায় সরকার ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, চলমান বৈশ্বিক তারল্য সংকটের মধ্যেও শান্তিরক্ষা ম্যান্ডেট অক্ষুণ্ন রাখা জরুরি। পাশাপাশি সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর দীর্ঘমেয়াদি সমাধান। প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।

বৈঠকে সহকারী মহাসচিব খালেদ খিয়ারি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদান এবং শান্তি ও নিরাপত্তা উদ্যোগে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ