ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​শাহআলী মাজারে হামলার অভিযোগ, পুলিশ বলছে মাদকবিরোধী অভিযান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০১:২০:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০১:২০:৪০ অপরাহ্ন
​শাহআলী মাজারে হামলার অভিযোগ, পুলিশ বলছে মাদকবিরোধী অভিযান ​ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে অবস্থিত হযরত শাহআলী (র.) এর মাজারে একদল ব্যক্তির হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাঠিসোটা নিয়ে একদল লোক বৃহস্পতিবার (১৪ মে) রাতে মাজারে প্রবেশ করে সেখানে অবস্থানরত মুরিদ ও মাজার জিয়ারতকারীদের মারধর করে বের করে দিচ্ছে।

তবে পুলিশের দাবি, এটি ছিল স্থানীয় জামায়াত নেতা-কর্মীদের পরিচালিত একটি মাদকবিরোধী অভিযান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ করেই ৭০ থেকে ৮০ জনের একটি দল হাতে লাঠি ও পাইপ নিয়ে মাজার প্রাঙ্গণে প্রবেশ করে। এরপর তারা মাজারে থাকা লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় এবং সবাইকে মারধর করে মাজার এলাকা থেকে বের করে দেয়।

পরে এই ঘটনার বেশ কিছু ভিডিওচিত্র রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল লোক হাতে লাঠি নিয়ে মাজারে থাকা সাধারণ মানুষ ও মুরিদদের পিটিয়ে মাজারের সীমানা থেকে বের করে দিচ্ছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মাজারে কোনো হামলার ঘটনা ঘটেনি। সেখানে গত রাতে রওজার পাশে কয়েকজন বহিরাগত নারী-পুরুষ মাদক সেবন করছিল। স্থানীয়রা দেখে তাদের বের করে দেয়। এছাড়া মাজারজুড়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে।

এ ব্যাপারে একই কথা জানান ডিএমপির দারুসসালাম জোনের সহকারী কমিশনার এমদাদ হোসেন। তিনি বলেন, মাজার প্রাঙ্গণে মাদক বিক্রি ও সেবনরোধ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকমীয়রা মাদকবিরোধী অভিযান চালিয়েছে। কোনও হামলার ঘটা ঘটেনি। গত সপ্তাহেও স্থানীয় বিএনপি নেতা মিরাজের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়।

মাজার জিয়ারতকারীদের ওপর লাঠিচার্জ ও মারধরের দৃশ্য দেখা যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এই পুলিশ কর্মকর্তা জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। তবে কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ