হামের টিকা অনিয়মের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৪-০৫-২০২৬ ০৭:১০:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৫-২০২৬ ০৭:১০:১৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারে হামের টিকা প্রক্রিয়ায় অনিয়মের কারণে চার শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সংগঠনটির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে শহরের টিসি মার্কেট সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি সংক্ষিপ্তভাবে পালন করা হয়।
শহর শাখার আহ্বায়ক বিজয় দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চিকিৎসা ব্যবস্থার অবহেলা ও টিকা সংগ্রহে গাফিলতির কারণে দেশে হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। তারা বলেন, শিশুদের জীবন রক্ষায় সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে সংশ্লিষ্টরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।
বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনস্বাস্থ্য সুরক্ষার পরিবর্তে অন্যান্য বিষয়ে মনোযোগ দিয়েছে বলে অভিযোগ রয়েছে। হামের টিকা নিশ্চিতকরণ এবং শিশুমৃত্যু রোধে জরুরি ভিত্তিতে কার্যকর চিকিৎসা ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, দেশের কৃষি, শিল্প ও বাণিজ্যের জন্য ক্ষতিকর বলে দাবি করা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে তারা এ চুক্তি বাতিলের দাবি জানান।
বক্তারা হামের টিকা সংক্রান্ত অনিয়মের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স