ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মানবতাবিরোধী অপরাধ

শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৪:৩৯:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৪:৩৯:১৮ অপরাহ্ন
শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ​ফাইল ছবি
জুলাই অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ বুধবার (১৩ মে) এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে প্রসিকিউশনের সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণের জন্য ১০ জুন দিন ধার্য করে দিয়েছে।

তিন সদস্যের এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শামীম ওসমানসহ এ মামলার সব আসামিই পলাতক। অন্য আসামিরা হলেন–শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন স্টেশন ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

অভিযোগ গঠনের সময় ট্রাইব্যুনালে প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, সহিদুল ইসলাম, মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া ও ফতুল্লা থানাধীন সাইনবোর্ডসহ আশপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল, ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যার কথা বলা হয়েছে।

দ্বিতীয় অভিযোগে ২১ জুলাই ফাতুল্লা থানাধীন ভূইগড় বাসস্ট্যান্ডে আবদুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যার কথা এসেছে।

আর তৃতীয় অভিযোগ ৫ অগাস্ট বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার ঘটনা নিয়ে।

চলতি বছরের ১৯ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পলাতক থাকায় আসামিদের অনুপস্থিতিতেই এ মামলার বিচারকাজ চলছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ