ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​নারায়ণগঞ্জে লেকে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১২:২৯:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১২:৩৩:৫৩ অপরাহ্ন
​নারায়ণগঞ্জে লেকে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার ​ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল ৬টার দিকে তাদের লাশ উদ্ধারের খবর জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ।

এর আগে সোমবার (১১ মে) দুপুরে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয় স্থানীয়রা জানিয়েছেন।

নিহতরা হল- মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের মোহাম্মদ জাকিরের ছেলে মনিরুল (১৫) এবং পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে শুভ (১৫)।

মনিরুল পরিবারসহ নারায়াণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকায় আর শুভ পরিবারসহ ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকত।

তারা দুজনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে এসআই মাসুম বিল্লাহ বলেন, সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের নয়াপাড়া বার্মাস্ট্যান্ড এলাকার ১ নম্বর সেতুসংলগ্ন এলাকায় গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভর কোনো খোঁজ মিলছিল না।

তিনি বলেন, রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও দুই কিশোরের হদিস পায়নি। মঙ্গলবার ভোরে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআই মাসুম বিল্লাহ।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ