ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​আরও দুই যাত্রীর শরীরে ভয়ংকর হান্টাভাইরাস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৭:৪২:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৭:৪৬:১১ অপরাহ্ন
​আরও দুই যাত্রীর শরীরে ভয়ংকর হান্টাভাইরাস ​ছবি: সংগৃহীত
ক্রুজ শিপের বিভিন্ন দেশের যাত্রীদের নিজ নিজ দেশে ফেরানোর মধ্যেই আরও দুই যাত্রীর শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সোমবার (১১ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত জানান, এমভি হন্ডিয়াস ক্রুজ শিপে থাকা এক ফরাসি নারী যাত্রীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তার শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে।

ফ্রান্স ইন্টার রেডিওকে তিনি বলেন, শুরুতেই কার্যকর ব্যবস্থা নেওয়া এবং সংক্রমণের শৃঙ্খল ভেঙে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ জারি করা ডিক্রির মাধ্যমে সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশন আরও কঠোর করা এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এখন পর্যন্ত আরও চারজন ফরাসি যাত্রীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। পাশাপাশি কর্তৃপক্ষ ২২ জন সংস্পর্শে আসা ব্যক্তিকে শনাক্ত করেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, দেশে ফেরার বিশেষ ফ্লাইটে থাকা এক মার্কিন নাগরিকের শরীরেও ভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া আরেকজনের মধ্যে হালকা উপসর্গ দেখা গেছে। সতর্কতার অংশ হিসেবে দুজনকেই বিমানের বিশেষ ইউনিটে রাখা হয়েছে। এমভি হন্ডিয়াস থেকে আসা ওই ফ্লাইটের আরও ১৭ জন যাত্রীর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

আল-জাজিরার তথ্য অনুযায়ী, নতুন দুই রোগীসহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং আরও একটি সম্ভাব্য মৃত্যুর তথ্য জানিয়েছে। আক্রান্তদের মধ্যে শুক্রবার পর্যন্ত চারজন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের একজন দক্ষিণ আফ্রিকায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এমভি হন্ডিয়াস জাহাজটি ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফ উপকূলে নোঙর করে ছিল। জাহাজটিতে হান্টাভাইরাস ছড়িয়ে পড়ার পর সেটি কয়েক সপ্তাহ ধরে আটকে রাখা হয়। প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার আগেই যারা জাহাজ থেকে নেমে গিয়েছিলেন, তাদের খুঁজে বের করে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

কীভাবে এই প্রাদুর্ভাবের সূচনা হয়েছে, তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ