ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুম-হত্যার অভিযোগ নিয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৪:৫০:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৪:৫১:৪৬ অপরাহ্ন
গুম-হত্যার অভিযোগ নিয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি ​ছবি: সংগৃহীত
২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গুম-হত্যার ঘটনার তদন্ত চেয়ে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি।

সোমবার (১১ মে) দুপুরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান।

অভিযোগে বলা হয়েছে, ওই সময়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দমন-পীড়নের শিকার হন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিএনপির নেতাকর্মীদের অপহরণ করে গুম, নির্যাতন ও দীর্ঘদিন আটক রেখে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়।

বিএনপির দাবি, ওই সময় শুধু ‘ক্রসফায়ারের’ ঘটনায় ২ হাজার ২৭৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৭৭৬ জন ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, ২০২৫ সালের ৮ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ২৪৩ পৃষ্ঠার অভিযোগপত্র ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়েছিল। সে সময় ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত মামলার দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি। একাধিকবার লিখিত তাগিদ দেওয়ার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

আবেদনে বিএনপি দাবি করে, দলটিকে নিশ্চিহ্ন ও দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা তৈরি করে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। তাই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর দাবি জানানো হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ