ইরানের জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বললেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০৫-২০২৬ ০৪:৩৬:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৫-২০২৬ ০৪:৩৬:১৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনের শান্তি প্রস্তাবের জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এ অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।’
এদিকে, ইরানের সামরিক বাহিনী নতুন হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে আবারও ‘আগ্রাসন’ চালানো হলে তারা ‘আরও বিস্ময়কর পদক্ষেপ’ নিতে বাধ্য হবে।
এই ঘটনার পর নিজের প্রথম মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট রোববার সন্ধ্যায় ইরানকে ‘খেলা করার’ জন্য অভিযুক্ত করেছেন।
ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘ইরান ৪৭ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি বিশ্বের সঙ্গে খেলা করে আসছে। তারা আর হাসতে পারবে না!’
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবের জবাবে ইরানের প্রতিক্রিয়া মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছে।
রোববার (১০ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আলোচনার প্রথম পর্যায়ে শত্রুতা বন্ধ করার পাশাপাশি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে “সামুদ্রিক নিরাপত্তা” নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
আল-জাজিরাকে ইরানের একজন সরকারি সূত্র জানিয়েছে, আমাদের প্রতিক্রিয়ার মূল লক্ষ্য হলো সমগ্র অঞ্চল জুড়ে, বিশেষ করে লেবাননে, যুদ্ধের অবসান ঘটানো এবং ওয়াশিংটনের সঙ্গে মতপার্থক্য নিরসন করা।
তারা আরও জানায়, তাদের প্রতিক্রিয়ার মধ্যে হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনাও অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্রটি আরও যোগ করে যে, তেহরানের প্রতিক্রিয়া ছিল বাস্তবসম্মত ও ইতিবাচক।
সূত্রটি আরও যোগ করে, আমাদের প্রতিক্রিয়ার প্রতি ওয়াশিংটনের ইতিবাচক সাড়া আলোচনাকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। সিদ্ধান্ত এখন ওয়াশিংটনের হাতে।
এদিকে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশসীমায় একাধিক ড্রোন শনাক্ত করা হয়েছে।
সেই সঙ্গে কাতার দাবি করেছে, তাদের আঞ্চলিক জলসীমায় একটি বাণিজ্যিক কার্গো জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে।
অন্যদিকে, লেবাননে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আরও কয়েকটি হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্র আল জাজিরাকে জানিয়েছে, লেবাননের বিনত জবেইল এলাকায় জরুরি সেবাকেন্দ্রে ইসরায়েলি হামলায় দুইজন চিকিৎসাকর্মী ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স