ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৮:০৯:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৮:১৮:৩০ অপরাহ্ন
​হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী ​ছবি: সংগৃহীত
‘শেষ পর্যন্ত সব ঠিকই হয়ে যায়—হ্যাপি এন্ডিং’—বলিউড তারকা শাহরুখ খানের এই বিখ্যাত উক্তিই যেন এখন তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। সরকার গঠনকে ঘিরে কয়েক দিনের অনিশ্চয়তা ও জটিল হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠনের দিকে অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া থালাপতি বিজয়।

সূত্র অনুযায়ী, তার দল তামিলগা ভেত্রি কাজগম (টিভিকে)-কে সমর্থন জানিয়েছে বিদুথলাই চিরুথাইগল কাচি (ভিসিকে)। একই সঙ্গে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ চিঠি দিয়ে টিভিকে-কে সমর্থনের কথা জানিয়েছে। এর ফলে বিজয়ের জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১৮–এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা।

নির্বাচনে টিভিকে এককভাবে ১০৮টি আসন পেলেও, বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়। ফলে দলের কার্যকর আসন সংখ্যা দাঁড়ায় ১০৭। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ জন বিধায়কের সমর্থন।

এর আগে কংগ্রেস, সিপিআই এবং সিপিএমও বিজয়ের জোটকে সমর্থন দিয়েছিল। কংগ্রেসের পাঁচজন এবং বাম দলের চারজন বিধায়কের সমর্থনে জোটের শক্তি দাঁড়ায় ১১৬-তে। এরপর ভিসিকের দুই বিধায়কের সমর্থন যোগ হওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১৮-তে।

সূত্রের খবর, বাম দলগুলো নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেস মন্ত্রিসভায় দুটি মন্ত্রণালয়ের দাবি জানিয়েছে। অন্যদিকে বাম দলগুলো সরকারে না গিয়ে বাইরে থেকে সমর্থন দেওয়ার অবস্থান নিয়েছে।

এদিকে নির্বাচনের ফলাফলে তামিলনাড়ুর দীর্ঘ ৬২ বছরের রাজনৈতিক আধিপত্যে বড় পরিবর্তন এসেছে। ডিএমকে পেয়েছে ৫৯টি আসন এবং এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন। পিএমকে পেয়েছে ৪টি আসন। এছাড়া ভিসিকে-আইইউএমএল, সিপিআই এবং সিপিএম পেয়েছে দুটি করে আসন। বিজেপি, ডিএমডিকে এবং এএমএমকে পেয়েছে একটি করে আসন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল তামিল রাজনীতিতে নতুন যুগের সূচনা করছে। প্রথমবারের মতো সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ