মিয়া গোলাম পরওয়ার
গাজীপুরে হত্যাকাণ্ড: জননিরাপত্তা আজ ভয়াবহ হুমকির মুখে
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৯-০৫-২০২৬ ০৪:২৪:১১ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৫-২০২৬ ০৪:২৪:১১ অপরাহ্ন
ফাইল ছবি
গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডকে জননিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৯ মে) জামায়াতে ইসলামীর ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বর্তমান সভ্য সমাজে এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। এই বর্বরোচিত হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি স্বাধীন ও সভ্য দেশে একই পরিবারের এতজন সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পাশবিক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে জননিরাপত্তা আজ কতটা হুমকির মুখে।’
তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতিতে জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
সবশেষে তিনি বলেন, ‘আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কঠিন শোক ধৈর্যধারণ করার তাওফিক দান করুন।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স