ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০২:০২:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০২:০২:২১ অপরাহ্ন
ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ফোকাস বাংলা নিউজ
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: শ্রমিকদের যাতায়াত ভাড়া বৃদ্ধি নিয়ে অসন্তোষের জেরে পাবনার ঈশ্বরদী ইপিজেডে শনিবার সকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে কয়েক ঘণ্টার জন্য ইপিজেডে প্রবেশ ও বের হওয়ার কার্যক্রম ব্যাহত হয়। এ সময় ফটকের বাইরে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন। শনিবার (৯ মে) সকালে ইপিজেডের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সম্প্রতি শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত পরিবহনের ভাড়া বৃদ্ধি করা হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভাড়া পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সকাল থেকেই তারা প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

আন্দোলনের খবর পেয়ে বেপজা কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিক প্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বেপজা কর্তৃপক্ষের আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এবিএম শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের কিছু দাবি এবং ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে সাময়িক অসন্তোষ তৈরি হয়েছিল। আমরা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। তাদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।

কর্তৃপক্ষের আশ্বাসের পর শ্রমিকরা প্রধান ফটকের তালা খুলে দেন। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। ঘণ্টাব্যাপী চলা এ আন্দোলনের সময় ইপিজেডের বাইরে কয়েক হাজার শ্রমিক অবস্থান করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ