সাজেকে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৫-২০২৬ ১২:২০:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৫-২০২৬ ১২:২০:৩৭ অপরাহ্ন
ফাইল ছবি
রাঙামাটির সাজেকের শুকনোছড়া এলাকায় ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমাকে (লেত্তবাপ) গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার (৯ মে) সকাল ৭টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। সাজেক থানার আওতাধীন ১০নং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যেতে রওনা হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সাজেকের মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় সকালে কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে তারা। গুলিবিদ্ধ হয়ে হেগেরা চাকমা মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা জানান, হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফ (প্রসিত) এর কালেক্টর (শুকনাছড়ি এলাকার কালেক্টর) নামে পরিচিত। অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে বলে জানায় তারা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, “নব্য মুখোশ বাহিনীর (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসী জ্যাকসন চাকমার নের্তৃত্বে ৪-৫ জনের একটি সশস্ত্র গ্রুপ শুকনাছড়ি এলাকায় হামলা চালিয়ে আমাদের কর্মী হেগেরা চাকমাকে হত্যা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করছি।”
এই বিষয়ে ইউপিডিএফ গণতান্ত্রিক এর কারো বক্তব্য পাওয়া যায়নি।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার তথ্য পেয়েছি। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার পর বিস্তারিত জানা যাবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স