ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুরবানির হাট

বাজিমাতের অপেক্ষায় ‘রাজা মিয়া’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৩:৩৮:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৩:৩৮:৪৯ অপরাহ্ন
বাজিমাতের অপেক্ষায় ‘রাজা মিয়া’ ছবি : সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পটুয়াখালীর পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে এবারের কুরবানির বাজারে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে সবার নজর কেড়েছে এক বিশালদেহী গরু, যার নাম রাখা হয়েছে ‘রাজা মিয়া’। সুঠাম দেহ আর শান্ত স্বভাবের এই গরুটিকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।

সদর উপজেলার গাবুয়া গ্রামের খামারি মিজানের কাছে রাজা মিয়া কেবল একটি পশু নয়, বরং পরিবারের একজন সদস্যের মতো। গত কয়েক বছর ধরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে, কোনও কৃত্রিম ওষুধ ছাড়াই পরম যত্নে বড় করা হয়েছে তাকে। উন্নত মানের খাবার, নিয়মিত পরিচর্যা এবং পশু-চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে কুরবানির হাটের জন্য প্রস্তুত করা হয়েছে রাজকীয় এই গরুটিকে।

খামারি মিজান বলেন, ছোট থেকেই অনেক যত্ন করে বড় করছি রাজাকে। নিয়মিত ভালো খাবার দিয়েছি, ডাক্তার দেখিয়েছি। এই গরুর পেছনে অনেক খরচ হয়েছে। এখন আশা করছি, ঈদের বাজারে ভালো একটা দাম পাবো।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল বলেন, এমন গরু এই এলাকায় খুব কম দেখা যায়। দেখলেই বোঝা যায় অনেক যত্ন করে পালন করা হয়েছে। দামও নিশ্চয়ই ভালোই হবে। আরেক বাসিন্দা রহিমা বেগম বলেন, গরুটার গঠন খুব সুন্দর। দূর থেকে মানুষ এসে দেখছে। হাটে তুললে ক্রেতাদের আগ্রহ থাকবে বলে মনে হয়।

কুরবানির ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন খামারেই এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। কেউ পশুর খাবার বাড়াচ্ছেন, কেউ আবার স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। তবে সবকিছুর পরও খামারিদের মূল চিন্তা-হাটে গিয়ে কাঙ্ক্ষিত দাম মিলবে কিনা।

এ প্রসঙ্গে মিজান বলেন, এই গরুর পেছনে যে পরিমাণ খরচ হয়েছে, সেই অনুযায়ী দাম না পেলে লোকসান হবে। তাই এখন সবকিছু নির্ভর করছে হাটের ওপর।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ