ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের চলাচলে র‍্যাম্প স্থাপনে রুল জারি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৮:১০:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৮:২৩:৩৩ অপরাহ্ন
​সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের চলাচলে র‍্যাম্প স্থাপনে রুল জারি ​ফাইল ছবি
ভবন নির্মাণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৬৪ ও তৎসংলগ্ন পরিশিষ্ট-২ অনুসারে প্রতিবন্ধী ব্যক্তিদের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার রক্ষার জন্য সব সরকারি প্রতিষ্ঠানে চলাচলের সুবিধার্থে র‍্যাম্প স্থাপন করার নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৫ মে) বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাই কোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার।

শুনানি শেষে ফাহমিদা আখতার বলেন, ‘আমাদের দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় আইন আছে। এমনকি আমাদের সংবিধানেও গ্যারান্টি দেয়া আছে যে, প্রতিবন্ধকতা কোনো বৈষম্যের কারণ হতে পারে না। কিন্তু এরপরও আইনের যথাযথ প্রয়োগ নেই। ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা অবহেলিত ও বৈষম্যের শিকার হচ্ছেন এবং তাদের গৃহবন্দি থাকতে বাধ্য করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একজন মানুষ শারীরিক প্রতিবন্ধকতার শিকার হবেন কি না, সেটা তার হাতে নেই। কিন্তু প্রতিবন্ধকতা সত্ত্বেও সে কীভাবে বাঁচবে, সে পছন্দ নাগরিকের থাকা উচিত। অথচ আমাদের দেশের অবকাঠামো কোনোভাবেই তাদের বিশেষ চাহিদাকে পূরণ করতে পারছে না।’

রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে। ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৬৪ কেন মেনে চলা হচ্ছে না এবং এই ব্যর্থতাকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে সরকারি-বেসরকারি ভবন নির্মাণের নকশা অনুমোদনের আগে রাজউক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশের জন্য সুযোগ-সুবিধা ও অধিকারের বিষয়টি নিশ্চিত করবে না, রুলে তা-ও জানতে চেয়েছে আদালত।

এছাড়া, সর্বসাধারণের ব্যবহারযোগ্য বিদ্যমান সরকারি ও বেসরকারি ভবনগুলোতে শারীরিক প্রতিবন্ধীদের জন্য কেন ‘র‍্যাম্প’ স্থাপন করা হবে না, সে বিষয়েও সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে।

​এর আগে গত ২০ এপ্রিল এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেছিলের ব্যারিস্টার ফাহমিদা আখতার।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ