পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৫-২০২৬ ০৪:০৯:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৫-২০২৬ ০৪:৪৯:০৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগের জামা বহাল করা হয়েছে, প্যান্টের রং হয়েছে খাকি।
সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি সারাদেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না এবং এটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি একসেপ্টেডও হয়নি। মানানসই না শুদ্ধ বাংলায়। সেজন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি।
তিনি বলেন, আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেওয়া যায় সেটাও বিবেচনা করেছি। আগের শার্ট যেটা কি বলবো, ওপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারাদেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট, পায়জামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি।
এই হিসেবে তাদের সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনা করে একটা গ্রহণযোগ্য পোশাক হিসেবে দিয়েছি। সেটা তাদের পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে। কারণ এটা প্রস্তুতির বিষয় আছে, কাপড় প্রোডাকশনের বিষয় আছে, জামার বিষয় আছে। এটা এখনো আমরা অফিশিয়ালি ঘোষণা করিনি তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। আজকে ঘোষণা দিলাম, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ইতিহাসের মধ্যে সবচেয়ে সফল অধিবেশন ছিল এই অধিবেশন। দীর্ঘ ১৭ বছর পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই পার্লামেন্ট। এই পার্লামেন্টের প্রথম অধিবেশন ছিল সবচাইতে লাইভলি, ভাইব্রেন্ট। এই পার্লামেন্টের কন্ট্রিবিউশন ছিল ইতিহাসের মধ্যে সবচাইতে বেশি। সবচাইতে বেশি আইন প্রণয়ন হয়েছে এই পার্লামেন্টে। সবচাইতে বেশি বিতর্ক না হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিতর্ক হয়েছে এই পার্লামেন্টে। এখানে পজিশন ছিল, অপজিশন ছিল। সবার বক্তব্য ছিল, কিন্তু ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল।
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় নাহিদের রাজপথে নামার হুঁশিয়ারি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো তো সবই পুরোনো অভিযোগ। আজ নতুন তো নয়। এখন একজন বিরোধীদলীয় চিফ হুইপ তার মতামত উনি দিতেই পারেন। আমরা তো আমাদের বক্তব্য দিয়েছি।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক আসামির জামিন পাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। বিচারিক প্রক্রিয়ায় আদালত কাকে জামিন দেবেন বা দেবেন না, তা সম্পূর্ণ আইনের বিষয়। তবে জামিন পেলেও কোনো অপরাধী পার পাবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স