৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও দুই জাহাজ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০২-০৫-২০২৬ ০১:৫৯:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৫-২০২৬ ০১:৫৯:০৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চীন ও ভারত থেকে আমদানিকৃত মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। স্থানীয় শিপিং এজেন্টরা এই তথ্য নিশ্চিত করেছেন। দেশে দৈনিক প্রায় ১২ হাজার ৫০০ টন ডিজেলের চাহিদার বিপরীতে এই চালান দিয়ে অন্তত চার দিনের চাহিদা মেটানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
শিপিং এজেন্ট ‘প্রাইড শিপিং লাইনস’ জানায়, ১৯ হাজার টন ডিজেল নিয়ে চীন থেকে আসা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে বন্দরে পৌঁছায়। অন্যদিকে, ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ‘প্রাইভেট সোলানা’ নামের আরেকটি জাহাজ শনিবার (২ মে) ভোরে কুতুবদিয়া নোঙরে এসে পৌঁছায়।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, বর্তমানে দুটি জ্বালানি তেলবাহী জাহাজ ডলফিন জেটিতে অবস্থান করছে এবং আরও দুটি বহির্নোঙরে অপেক্ষায় রয়েছে। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিং (খালাস) কার্যক্রম চলমান আছে।
তিনি আরও বলেন, ‘নতুন দুটি জাহাজ আসার ফলে বন্দরে বর্তমানে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতটিতে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে এপ্রিল মাসে মোট ২০টি জাহাজে ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়েছিল। মে মাসের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ১ লাখ টন অপরিশোধিত তেলসহ আরও প্রায় ৬ লাখ টন জ্বালানি আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স