দুর্ঘটনায় বাসে আটকে প্রাণহানি ঠেকাতে বিআরটিএর নতুন নির্দেশনা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৪-২০২৬ ১২:৩৮:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৪-২০২৬ ০১:২২:০৬ অপরাহ্ন
দুর্ঘটনার সময় বাস থেকে যাত্রীদের দ্রুত বের হতে না পারায় প্রাণহানি ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এসি ও নন-এসি দুই ধরনের গণপরিবহনে জরুরি বহির্গমন নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিআরটিএর গণবিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, বাসে সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার এবং রেল ক্রসিং অতিক্রমকালে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা দরজা-জানালা দিয়ে দ্রুত বের হতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এতে অনেক ক্ষেত্রে জীবনহানির ঘটনাও ঘটছে।
এ প্রেক্ষাপটে এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন (Emergency Exit)’ চিহ্নিত করার পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত উপকরণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, নন-এসি গণপরিবহনের জানালায় পর্দা টানানোর জন্য সমান্তরালভাবে বসানো স্টেইনলেস স্টিলের রড যাত্রীদের বের হওয়ার পথে বড় বাধা সৃষ্টি করে। তাই এসব রড অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআরটিএ বলছে, এসব ব্যবস্থা বাস্তবায়ন হলে দুর্ঘটনার সময় বাস থেকে দ্রুত বের হওয়ার সুযোগ তৈরি হবে এবং যাত্রীদের জীবন রক্ষার সম্ভাবনা বাড়বে।
নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স