ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে শামুক-ঝিনুক জব্দ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৩:৫২:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৩:৫২:৪১ অপরাহ্ন
​কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে শামুক-ঝিনুক জব্দ ​ছবি: সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে পাচারের উদ্দেশ্যে রাখা সোয়া দুই টন (২২৫০ কেজি) ক্রয়-বিক্রয় নিষিদ্ধ শামুক ও ঝিনুক জব্দ করেছে পুলিশ ও বন বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের নকিপুর বাজারে যৌথ অভিযানে ৫০ বস্তা ভর্তি এই শামুক জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ ও শ্যামনগর থানা পুলিশ কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালায়। সেখানে বস্তাভর্তি নিষিদ্ধ শামুকগুলো কক্সবাজারে পাঠানোর জন্য রাখা হয়েছিল।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মো. হানজালা নামের এক ব্যক্তি এসব শামুক কক্সবাজারের নূর আলম নামের এক ব্যক্তির কাছে পাঠানোর জন্য বুকিং করেছিলেন। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর তফসিল অনুযায়ী এসব শামুক ও ঝিনুক আহরণ, পরিবহন ও বাণিজ্য সম্পূর্ণ নিষিদ্ধ।

বন কর্মকর্তা আরও জানান, জব্দ করা শামুকগুলো বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। এই পাচার চেষ্টার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, এর আগেও বেশ কয়েকবার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ এলাকা থেকে পাচারের সময় বিপুল পরিমাণ শামুক ও ঝিনুক জব্দ করেছিল বন বিভাগ। একটি অসাধু চক্র সুন্দরবন ও সংলগ্ন এলাকা থেকে এসব প্রাকৃতিক সম্পদ আহরণ করে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছে, যা উপকূলের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ