ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০২:৫৩:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০২:৫৩:৫২ অপরাহ্ন
​যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা ​ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সংসদে আলোচনায় আনার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে তিনি এ দাবি উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে স্বাক্ষরিত এই চুক্তি নিয়ে তখন আপত্তি উঠেছিল এবং এতে বাংলাদেশের স্বার্থবিরোধী ধারা থাকতে পারে বলে আলোচনা হয়েছিল। তার মতে, সরকার চাইলে ৬০ দিনের মধ্যে এই চুক্তি বাতিল করতে পারে।

তিনি আরও বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বৈঠকে দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে বাণিজ্য ঘাটতি, আমদানি-রপ্তানি ভারসাম্য, কৃষি ও জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং নীতিগত সংস্কারের বিষয়গুলো উঠে আসে।

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে এবং তা কমানোর লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে। তবে চুক্তি স্বাক্ষরের সময় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা নিয়ে তখন নানা মহলে সমালোচনা ছিল।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার আসার পর চুক্তিটি পুনর্মূল্যায়নের দাবি থাকলেও তা উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার চুক্তি স্বাক্ষর করে।

এ সময় তিনি চুক্তিটি সংসদে উপস্থাপনের দাবি জানালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে নিয়ম মেনে নোটিশ দেওয়ার পরামর্শ দেন। স্পিকার বলেন, এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না, তাই সংসদের নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পরে রুমিন ফারহানা চুক্তিটি পুনর্বিবেচনার জন্য সংসদে আনার আহ্বান জানান। তবে স্পিকার বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ