গাজা নিয়ে দেওয়াল ভেঙ্গে ঘরে ঢুকল মাইক্রোবাস!
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৪-২০২৬ ১২:৩৩:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৪-২০২৬ ১২:৩৪:৩৬ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
মেহেরপুরে ঘুমন্ত মানুষের বাড়িতে দেওয়াল ভেঙে ঢুকে পড়ে একটি মাইক্রোবাস। এতে আহত হয়েছেন আরশাদ আলী নামে এক ব্যক্তি। এসময় মাইক্রোবাসে থাকা দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব (২৪) নামের মাদক পাচারকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টায় উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। ভোরে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাইক্রোবাস এসে বাড়িতে আঘাত করে। এতে বাড়ির ইটের দেয়াল ভেঙে পড়ে আহত হন বাড়ির মালিক আরশাদ আলী। মাইক্রোবাসটি ধাক্কা দিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান।
মাইক্রোবাসে গাঁজা থাকায় স্থানীয়রা চালক অনিক হোসেন বিপ্লবকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুক জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুতগতিতে গন্তব্যে যাওয়ার সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাড়িতে ঢুকে পড়ে। গাঁজা ও মাইক্রোবাসসহ বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এ ঘটনায় আর কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স