ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​সংসদে জামায়াত আমির

আমি কোন দল করব— উনাকে কি জিজ্ঞেস করা লাগবে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৭:১৭:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৭:১৭:৫৮ অপরাহ্ন
আমি কোন দল করব— উনাকে কি জিজ্ঞেস করা লাগবে ​ছবি: সংগৃহীত
মুক্তিযোদ্ধা পরিবার জামায়াত করতে পারে না- বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের এমন বক্তব্যে কড়া প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের পর দাঁড়িয়ে জামায়াত আমির এ প্রতিবাদ জানান।

শফিকুর রহমান বলেন, তিনি (ফজলুর রহমান) বলেছেন যে, আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। উনি এটাকে চ্যালেঞ্জ করছেন। দুই নম্বর উনি বলেছেন, কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। তাহলে কি উনাকে জিজ্ঞেস করা লাগবে। এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করবো? কোন আদর্শ অনুসরণ করব? এর ওপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন।’

তিনি আরও বলেন, আমি অনুরোধ করবো মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপাঞ্জ করা হয়।

এর আগে ফজলুর রহমান বলেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াত করতে পারে না। এ সময় সংসদে তোলপাড় সৃষ্টি হলে ফজলুর রহমান আরও বলেন, আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।

জবাবে জামায়াত আমির  বলেন,  শ্রদ্ধা রেখেই বলতে চাই মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন। কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের ওপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। আমার আইডেন্টি নিয়ে প্রশ্ন করে সংসদ সদস্য গুরুতর অপরাধ করেছেন। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে কথা বলে তিনি বাড়তি অপরাধ করেছেন।

বিরোধীদলীয় নেতা বলেন, সাধারণত যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। একটা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরেই গেলেন। আমরা সবাই মিলে হারতে চাই না। আমরা সবাই মিলে জিততে চাই।

জামায়াত আমির বলেন, সবাই ঠান্ডা মাথায় যুক্তি ও সত্যনির্ভর কথা বললে দেশবাসী উজ্জীবিত হবে এবং সংসদের প্রতি মানুষের আস্থা তৈরি হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ