এক পাঙ্গাশের দাম ৭০ হাজার টাকা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৪-২০২৬ ০১:০৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৪-২০২৬ ০১:০৭:০৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে এরশাদ হালদারের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। মাছটি ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটের পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।
পাঙ্গাশ মাছ পাওয়া স্থানীয় জেলে এরশাদ হালদার জানান, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে কয়েকজন মিলে নৌকা নিয়ে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে বসে থাকি। পরে ভোর সাড়ে ৬টার দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলে দেখি বিশাল একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। পরে সকাল ৭টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়তে নিয়ে গেলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের ব্যবসায়ী চান্দু মোল্লা ২ হাজার ৮০০ টাকা কেজি দরে মাছটি মোট ৭০ হাজার টাকায় কিনে নেন।
এ বিষয়ে ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে পাঙ্গাশ মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় দৌলতদিয়া মাছ বাজার থেকে কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার গুলিস্তানের এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি। তবে এমন বড় মাছ নদীতে এখন খুব একটা পাওয়া যায় না। আড়ত থেকে আমার দোকানে আনতেই মাছটি দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স