সারা দেশে বজ্রপাতে ১২ প্রাণহানি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৬-০৪-২০২৬ ০৭:০৭:১২ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৪-২০২৬ ০৭:৫১:০২ অপরাহ্ন
প্রতীকী ছবি
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক ঘটনায় এসব মৃত্যুর খবর পাওয়া গেছে। একই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সব ঘটনায় অনেকে আহত হয়েছে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া, সুন্দরগঞ্জের ধোপাডাংগা ও ফুলছড়িতে বজ্রপাতে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ, তার চাচাতো ভাই শিশু রাফি, সাদুল্লাপুর উপজেলার আলী আকবর। অন্যজনের নাম জানা যায়নি।
সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মণ্ডল বলেন, রোববার দুপুরে দক্ষিণ ধোপাডাংডার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান সুজা চৌধুরীর বাড়ির বারান্দায় খেলা করছিল সুজা চৌধুরীর শিশু পুত্র ফুয়াদ ও মুজাহিদের শিশুসন্তান রাফি। দুপুরে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে বারান্দায় অবস্থানরত ফুয়াদ ও তার চাচাতো ভাই রাফি গুরুতর আহত হয়। পরিবারের লোকজন দুজনকে নিয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, দুপুর থেকে বিকেলের মধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে মাঠে কাজ করা মানুষজন সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন। এ সময় কৃষি কাজে ব্যস্ত থাকা অনেকেই বজ্রপাতের শিকার হন।
জামালপুরে তীব্র তাপদাহের পর হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক নারীসহ দুইজন। বিকেলে পৃথক ২ উপজেলায় এ ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে প্রচণ্ড বাতাসে দিনের আলোয় অন্ধকার নেমে আসে এবং শুরু হয় ঘণ্টাব্যাপী ঝড়-বৃষ্টি।
কালবৈশাখী ঝড়ের সময় মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কড়ইচুড়া গ্রামে মর্জিনা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রাজিবের স্ত্রী এবং তিন বছর বয়সী এক কন্যা সন্তানের জননী।
বগুড়ার গাবতলীতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সুমন (৩৫)। তিনি মুচিখালী গ্রামের মো. আবদুল করিমের ছেলে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স