ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজের সময় গুলি, বন্দুকধারী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১০:২৯:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১০:৩৯:২১ পূর্বাহ্ন
ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজের সময় গুলি, বন্দুকধারী গ্রেপ্তার ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ চলাকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। উপস্থিত আমন্ত্রিত অতিথিরা সবাই অক্ষত আছেন। নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে সস্ত্রীক অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ২ হাজার ৬০০ জন অতিথি উপস্থিত ছিলেন। 

ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ মন্ত্রিসভার সদস্যদের জরুরি ভিত্তিতে দ্রুত সরিয়ে নিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা।

সিএনএন-কে একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প নিরাপদ আছেন। মন্ত্রিসভার সদস্যরাও সুস্থ আছেন। হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ওয়াশিংটন হিলটন নামের হোটেলে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন, ‘গুলি চলছে’।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য উপস্থিত ব্যক্তিরা টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। এসময় অনেককে ‘নিচে ঝুঁকে পড়ুন!’ ‘নিচেই থাকুন!’ বলে চিৎকার করছেন।

এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরে সশস্ত্র নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে ফেলে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উইজিয়া জিয়াং গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানটি পুনরায় শুরু হবে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাস্থলে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট ও মেলানিয়া ট্রাম্পকে মঞ্চের পেছন থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। 

হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানান। তিনি নিশ্চিত করেন যে, সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে হোটেল ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর জানানো হয়েছে যে, অনুষ্ঠানে উপস্থিত কোনো অতিথি বা কর্মকর্তা এই ঘটনায় হতাহত হননি। 

সূত্র : আলজাজিরা, সিএনএন

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ