ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৩:৫১:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৩:৫১:৫১ অপরাহ্ন
২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান ফাইল ছবি
প্রায় ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুলে দিয়েছে ইরান। আজ সকালে রাজধানী তেহরানে অবস্থিত এই বিমানবন্দরটি খুলে দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।

তবে বিমানবন্দর খুললেও পূর্ণমাত্রার কার্যক্রম বা অপারেশন এখনও চালু হয়নি। মেহের নিউজের প্রতিবেদন অনুসারে, আজ শনিবার ‍ওমানের রাজধানী মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল শহর এবং সৌদি আরবের মদিনা শহরে যাত্রীবাহী ফ্লাইট চালু করা হয়েছে।

ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বেশ কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথ বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। যুদ্ধ শুরুর দিনই, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি নিজেদের আকাশসীমা এবং বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছিল ইরান।

টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ইরানে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল ২২ এপ্রিল, কিন্তু ২২ এপ্রিলের আগের দিন ২১ এপ্রিল এক ঘোষণায় ইরানে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ৩ দিন পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ