অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৫-০৪-২০২৬ ০২:২২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৪-২০২৬ ০২:২২:৪৬ অপরাহ্ন
ফাইল ছবি
হজ বিধিমালা লঙ্ঘন করে ভিজিট ভিসাধারী ব্যক্তিদের আশ্রয় দিলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। দেশটির ওকাজ পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন কিংবা অন্য যেকোনও ধরনের আশ্রয়স্থলে এ ধরনের ভিজিট ভিসাধারী ব্যক্তিদের থাকার ব্যবস্থা করলে এই জরিমানা প্রযোজ্য হবে। এ ছাড়া যেসব ব্যক্তি কাউকে গোপনে আশ্রয় দেবেন বা প্রয়োজনীয় অনুমতি ছাড়া মক্কা নগরী কিংবা পবিত্র স্থানগুলোতে অবস্থান করতে সহায়তা করবেন, তারাও একই শাস্তির আওতায় পড়বেন।
হজ মৌসুমজুড়ে তথা জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মধ্যভাগ পর্যন্ত এই আইন কার্যকর থাকবে। বিধি লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ কয়েকগুণ বাড়ানো হতে পারে।
সৌদি আরবে বসবাসকারীদের হজ বিধিমালা মেনে চলা এবং হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, নিয়ম ভঙ্গ করলে কঠোর আইনি পরিণতি ভোগ করতে হতে পারে।
এ ছাড়া বিভিন্ন অঞ্চলের জন্য নির্ধারিত জরুরি নম্বরের মাধ্যমে আইন লঙ্ঘনের ঘটনা জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স