ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এলএনজি টার্মিনাল বন্ধ: দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১১:৪৪:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১১:৪৪:২৬ পূর্বাহ্ন
এলএনজি টার্মিনাল বন্ধ: দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি ফাইল ছবি
আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী সাগরে ভাসমান একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় দেশের গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য ঘাটতি দেখা দিয়েছে। এতে রাজধানীসহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে গ্যাসের চাপ কমে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। 

প্রতিষ্ঠানটি জানায়, একটি এফএসআরইউ বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের বৃহৎ বিতরণ নেটওয়ার্কে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওই বার্তায় বলা হয়, সরবরাহ ঘাটতির কারণে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাংশসহ তিতাস গ্যাস অধিভুক্ত বিস্তৃত এলাকায় স্বল্পচাপ বিরাজ করছে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সরবরাহে ভোগান্তির মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গ্যাস খাতে এলএনজি আমদানি ও সরবরাহ নির্ভরতা দিন দিন বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের কারিগরি ত্রুটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বন্ধ থাকা এফএসআরইউ দ্রুত সচল করার জন্য কাজ চলছে, তবে পুনরায় স্বাভাবিক সরবরাহ শুরু হতে কিছুটা সময় লাগতে পারে।

এদিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় রান্নাবান্না ও শিল্প উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ