ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী আসনে বিএনপির মনোনয়ন পাননি যেসব হেভিওয়েট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৪:১৯:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৪:৩৮:৪৩ অপরাহ্ন
নারী আসনে বিএনপির মনোনয়ন পাননি যেসব হেভিওয়েট আফরোজা আব্বাস, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, কনকচাঁপা, নাজমুন নাহার বেবী, হাসনা জসিমউদ্‌দীন মওদুদ ও বেবি নাজনীন (বাঁ থেকে ডানে)। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। এ তালিকায় বেশ কিছু চমক যেমন আছে, তেমনি এখানে নেই বেশ কিছু হেভিওয়েট নেতার নামও।

এরমধ্যে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এ তালিকায় জায়গা পাননি। সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার নামও আসেনি। কণ্ঠশিল্পী কনকচাঁপার নাম আলোচিত হচ্ছিল বেশ কিছু দিনে, তিনিও শেষমেশ সংরক্ষিত আসনে সংসদে যেতে পারছেন না।

মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী মনোনয়ন পাননি। তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণীও। এ ছাড়া মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ ও বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্‌দীন মওদুদের নামও আসেনি এ তালিকায়। 

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক দিনদুয়েক আগে বিএনপিতে যোগ দিয়ে চমক দিয়েছিলেন। তার এ তালিকায় আসার গুঞ্জনও ছড়িয়েছিল। 

এদিকে চায়নিজ কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির সঙ্গে চীন সফরে যাওয়া কণ্ঠশিল্পী বেবি নাজনীনেরও সম্ভাবনা ছিল মনোনয়ন পাওয়ার। শেষমেশ তার ভাগ্যেও শিঁকে ছেঁড়েনি।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ