ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে জ্বালানি সংকট নিরসনে নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১১:২৩:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১১:২৩:৫৬ পূর্বাহ্ন
আজ থেকে জ্বালানি সংকট নিরসনে নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে ছবি : সংগৃহীত
চাহিদা বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেয়া নতুন এ সিদ্ধান্ত আজ সোমবার (২০ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে। গতকাল রোববার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে। এ সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত হারে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

বিপিসি সূত্রে জানা গেছে, এতদিন তেল বিক্রির ক্ষেত্রে পূর্ববর্তী বছরের একই সময়ের বিক্রির পরিমাণকে ভিত্তি ধরে সরবরাহ দেয়া হচ্ছিল। নতুন এ সিদ্ধান্তে সেই সীমা বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান চাহিদা মেটাতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক। তিনি বলেন, ‘সরকার সরবরাহ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা ইতিবাচক। তবে বর্তমান চাহিদার তুলনায় এটি এখনও পর্যাপ্ত নয়। সরবরাহ আরও বাড়ানো গেলে ভোক্তাদের ভোগান্তি কমবে এবং পাম্পগুলোতে যে দীর্ঘ লাইন হয় তা আর থাকবে না।’

এর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শনিবার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ওইদিন রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়। যা রোববার থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম পড়বে ১১৫ টাকা। পাশাপাশি প্রতি লিটার কেরোসিন ১৩০ টাকা, প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা এবং প্রতি লিটার অকটেনের দাম পড়বে ১৪০ টাকা। যেখানে এতদিন প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা ও অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছিল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ