ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​গ্যাস সংকটে সার কারখানায় উৎপাদন ব্যাহত: শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৮:১৯:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৮:২২:৫১ অপরাহ্ন
​গ্যাস সংকটে সার কারখানায় উৎপাদন ব্যাহত: শিল্পমন্ত্রী ​ছবি: সংগৃহীত
গ্যাস সংকটের কারণে দেশের ইউরিয়া সার কারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি বলেন, ‘বৈশ্বিক বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট সরবরাহ শৃঙ্খল সংকট এবং জ্বালানি ঘাটতির কারণে শিল্প খাত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে সার উৎপাদনে, যা দেশের কৃষি খাতের জন্য উদ্‌বেগজনক।’

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, বর্তমানে গ্যাসের অভাবে দেশের অধিকাংশ ইউরিয়া সার কারখানা বন্ধ রয়েছে। তবে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে যাচ্ছে।

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাস অনুযায়ী আগামী ১ মে থেকে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে। এতে কারখানাটি আবার উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে।’

দেশীয় উৎপাদনের ঘাটতি মোকাবেলায় সরকার আমদানির ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এর অংশ হিসেবে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় সৌদি আরব থেকে ২ লাখ টন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ লাখ টন এবং আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে আরও ৪ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া সার উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কাঁচামাল যেমন- রক ফসফেট, ফসফরিক অ্যাসিড ও সালফারের সরবরাহ নিশ্চিত করতেও সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। টেন্ডারের পাশাপাশি মরক্কো, জর্ডান, ওমান, ইউএই, চীন ও মালয়েশিয়ার সঙ্গে জিটুজি চুক্তির মাধ্যমে এসব কাঁচামাল সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

সরকার আশা করছে, এসব উদ্যোগের মাধ্যমে সার সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে এবং কৃষি উৎপাদনে কোনো বিঘ্ন ঘটবে না।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ