ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৪:৩৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৪:৪০:৩০ অপরাহ্ন
​তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী ​ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘তেলের দাম তো আইএমএফ মিটিংয়ে যাওয়ার আগে বাড়ানো হয়েছে।’

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অতিরিক্ত বাড়ানো হয়নি। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমেরিকায় তেলের দাম দ্বিগুণ হয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের সবাই বলেছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, বাড়াচ্ছেন না কেন, আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কী করে?’

অর্থমন্ত্রী বলেন, ‘সারা দুনিয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ একটি দেশ, যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে।’

তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে তা খুবই নগণ্য বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘এটা বাড়াতে হয়েছে শুধু আমাদের তহবিলের ওপর এত চাপ আসছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পূর্ববর্তী সরকারের সময়ে হওয়া চুক্তির সব শর্তে বর্তমান সরকার একমত নাও হতে পারে। আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। 

মন্ত্রী বলেন, আমরা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। শুধুমাত্র তাদের সিদ্ধান্তে সবকিছু হবে না, আমাদেরও সিদ্ধান্ত আছে।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে আরও ১৫ থেকে ২০ দিন, এমনকি এক মাস পর্যন্ত আলোচনা চলতে পারে। অন্যদিকে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে আলোচনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়তেও পারে, আবার নাও বাড়তে পারে, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও জানান, সব দাতা সংস্থাই বর্তমান সরকারকে সহযোগিতা করতে আগ্রহী। শিগগিরই বিশ্বব্যাংক ও এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ