টানা ১১ বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ারা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৪-২০২৬ ০৪:০৬:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৪-২০২৬ ০৪:০৬:৪৭ অপরাহ্ন
ফাইল ছবি
জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে টানা এগারো বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন আনোয়ারা নীনা। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার এ অর্জন স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
আনোয়ারা নীনা ১৯৮৯ সালে হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
শিক্ষাক্ষেত্রে দক্ষ নেতৃত্ব ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি চলতি বছরেও জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। এ নিয়ে উপজেলা পর্যায়ে তিনি টানা এগারো বার, জেলায় দুইবার এবং বিভাগীয় পর্যায়ে একবার করে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন। পাশাপাশি, একই বিদ্যালয়ের সহকারী সামিউল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে চলতি বছরসহ টানা ছয় বার এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে টানা চারবার করে শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
আনোয়ারা নীনা বলেন, এ অর্জন আমার জন্য অনেক আনন্দের।
আমার বিদ্যালয়কে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। শুধু পড়াশোনায় নয়, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রম ও সহপাঠ কার্যক্রমেও অসাধারণ সাফল্য অর্জন করছে। খেলাধুলার বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় নিয়মিতভাবে অংশ নিয়ে তারা উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশ নিচ্ছে। অনেক ক্ষেত্রে জাতীয় পর্যায়েও পুরস্কার অর্জন করছে।
স্কাউটিংয়েও তারা অত্যন্ত সফল। প্রতি বছরই বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক ‘প্রেসিডেন্ট’স স্কাউট’ অর্জন করছে।
নীনা আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিটি সাফল্যই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য, দাতা ও প্রতিষ্ঠাতা পরিবারের নিরলস সহযোগিতায় প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে যাচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স