ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিন উত্তোলন হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ায় কূপ খনন শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৪:০৪:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৪:০৪:২৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় কূপ খনন শুরু ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে দেশের প্রথম গভীর অনুসন্ধান গ্যাস কূপ খনন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজ শুরু হয়। খনন শেষে কূপটি থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হবে।খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান। এসময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল প্রামাণিক, কোম্পানি সচিব মোজাহার আলী, প্রকল্প পরিচালক মো. মাহমুদুল নবাব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঁচ হাজার ৬০০ মিটার গভীরতার তিতাসের নতুন কূপটি খননে সময় লাগবে প্রায় সাত মাস। খনন কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি।  পেট্রোবংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে চলতি বছরের মধ্যে ৫০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রেক্ষাপটে দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় তিতাসের এ গভীর অনুসন্ধান কূপ খনন সফল হলে জ্বালানি সংকট অনেকটাই কেটে যাবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনের থাকা ২২টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। তবে দীর্ঘ সময় ধরে গ্যাস উত্তোলনের ফলে মজুত এবং চাপ কমেছে দেশের সবচেয়ে প্রাচীন এ গ্যাস ফিল্ডের সবকটি কূপে।

এতে করে কমেছে উৎপাদন। এ অবস্থায় গ্যাসের নতুন উৎস খুঁজতে থ্রিডি সাইসমিক জরিপ প্রকল্প নেয় বিজিএফসিএল। এর প্রেক্ষিতে তিতাস ও বাখরাবাদ ফিল্ডে খনন করা হচ্ছে দুইটি গভীর অনুসন্ধান কূপ। এর একটির খননকাজ শুরু হলো। 
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল প্রামাণিক বলেন, ‘তিতাসসহ বিজিএফসিএল পরিচালিত অন্যান্য ফিল্ডগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও পুরোনো কূপের ওয়ার্কওভার প্রকল্প নেওয়া হয়েছে। তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ সফলভাবে খনন করতে পারলে এ জ্বালানি খাতের জন্য মাইলফলক হবে। আর এতে জ্বালানি সংকট অনেকটা কেটে যাবে।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ