ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাথর-বালু মহালের শ্রমিকদের ধান কাটার নির্দেশ

হাওড়ে শ্রমিক সংকট চরমে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০২:৫৩:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০২:৫৩:৪২ অপরাহ্ন
হাওড়ে  শ্রমিক সংকট  চরমে ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটার ভরা মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসনে উপজেলার তিনটি স্থল শুল্ক স্টেশনে কয়লা ও চুনাপাথর পরিবহন এবং যাদুকাটা নদীতে বালু উত্তোলন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যাতে তারা ধান কাটার কাজে সহযোগিতকা করতে পারে। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সীমান্ত সংলগ্ন এলাকা ও শুল্ক স্টেশনগুলোতে মাইকিং করে এই নির্দেশনা প্রচার করা হয়। মূলত পাথর ও বালু মহালের হাজার হাজার শ্রমিককে ধান কাটার কাজে উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টানা ১২ দিন উপজেলার তিনটি প্রধান শুল্ক স্টেশন  বড়ছড়া, চারাগাঁও ও বাগলী দিয়ে কয়লা ও চুনাপাথর পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সময়ে যাদুকাটা নদীতে সব ধরনের বালু উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, কৃষকদের সোনালী ফসল দ্রুত ও নিরাপদে ঘরে তুলতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। শুল্ক স্টেশন ও যাদুকাটা নদীতে কাজ বন্ধ থাকায় প্রায় ২০ হাজার শ্রমিক ধান কাটার উৎসবে যোগ দিতে পারবেন বলে আমরা আশা করছি। এটি কৃষি ও কৃষককে বাঁচাতে একটি সম্মিলিত প্রচেষ্টা।

তিনি আরও বলেন, বর্তমানে উপজেলা জুড়ে মাইকিং করে শ্রমিকদের ধান কাটায় অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। কৃষকরাও এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন, কারণ পর্যাপ্ত শ্রমিক পেলে নির্ধারিত সময়ের মধ্যেই সব ধান ঘরে তোলা সম্ভব হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ