ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১২:০৫:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১২:০৫:৫৭ অপরাহ্ন
একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল সংলগ্ন সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। রোববার ভোরে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। চলতি বছরে এটি দেশটির সপ্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং এপ্রিল মাসে চতুর্থ উৎক্ষেপণ।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল প্রায় ৬টা ১০ মিনিটে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর সিনপোর কাছ থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জরুরি নিরাপত্তা বৈঠক করেছে বলে গণমাধ্যম জানিয়েছে।

জাপান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছাকাছি সাগরে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোনো অনুপ্রবেশের ঘটনা নিশ্চিত হয়নি।

এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে। তবে উত্তর কোরিয়া এ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে একে তাদের আত্মরক্ষার সার্বভৌম অধিকারের ওপর হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করে।

কিয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম ইউল-চুল বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন ইরান ইস্যুতে ব্যস্ত, তখন উত্তর কোরিয়া এটিকে নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে দেখছে।’

এদিকে, মে মাসের মাঝামাঝি সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া ইস্যু নিয়ে আলোচনা করতে পারেন।

এরই মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র উৎপাদনে ‘খুবই গুরুতর’ অগ্রগতি অর্জন করেছে এবং নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত মার্চের শেষদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দেন, তাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থান ‘অপরিবর্তনীয়’ এবং জাতীয় নিরাপত্তার জন্য আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধ শক্তি আরও জোরদার করা অপরিহার্য।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ