ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসন

গুলশানে সাক্ষাৎকার নেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৭:০৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৮:১৩:১৪ অপরাহ্ন
গুলশানে সাক্ষাৎকার নেন তারেক রহমান সংবাদচিত্র: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে।শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্বে আছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্র জানিয়েছে, সাক্ষাৎকার চলবে দুই দিন। শুক্রবার (১৭ এপ্রিল) সাক্ষাৎকার দিচ্ছেন রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘নারী আসন নিয়ে স্থায়ী কমিটি এবং দলের মনোনয়ন বোর্ড যোগ্যদের যথাযথ মূল্যায়ন করবে বলে প্রত্যাশা করি।’ এর আগে তিনি জানিয়েছিলেন, এবার বিএনপির ৩৬টি আসনের বিপরীতে মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের দিতে হয় ৫০ হাজার টাকা জামানত। তবে ঠিক কতজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন তা জানা যায়নি।

গত ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল। আর নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোট আগামী ১২ মে।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদকএনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ