ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​তেলের জন্য সরকারি চাকরিজীবীদের দাঁড়াতে হবে না সাধারণ কাতারে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৬:৪১:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৬:৪১:৪৯ অপরাহ্ন
​তেলের জন্য সরকারি চাকরিজীবীদের দাঁড়াতে হবে না সাধারণ কাতারে ​ছবি: সংগৃহীত
জ্বালানি তেল পেতে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সেবা চালু করেছে সরকার। এখন থেকে তাদের আর সাধারণদের কাতারে দাঁড়িয়ে তেল নিতে হবে না। তাদের জন্য করা হয়েছে আলাদা লাইন। তবে এটা বর্তমানে শুধু শরীয়তপুরের জাজিরা উপজেলায় কার্যকর হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এই ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় সরকারি চাকরিজীবীদের জন্য এই জরুরি সেবা চালু হয়েছে। বলা হয়েছে, সকাল ও সন্ধ্যায় এক ঘণ্টা করে এই জরুরি সেবা চালু থাকবে।

এ বিষয়ে জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, উপজেলার মোসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে জ্বালানি প্রাপ্তিতে হাসপাতাল, বিদুৎ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সাভির্স, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর/সংস্থা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদা লাইনে তেল সরবরাহ করা হবে।

প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই জরুরি সেবা চালু থাকবে। পাম্পে তেল থাকা সাপেক্ষে এই সেবা প্রযোজ্য বলে জানানো হয়েছে। এই সূচি অনুযায়ী পাম্পে উপস্থিত থেকে সরকার নির্ধারিত পদ্ধতিতে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

অবশ্য এর আগে দেশের বেশ কয়েকটি জেলা ও উপজেলায় জরুরি ভিত্তিতে শিক্ষক-অ্যাম্বুল্যান্সসহ বিভিন্ন জরুরি বিভাগের গাড়িতে তেল দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ