ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে চিফ হুইপের কবিতা পাঠ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৫:০৪:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৮:৩১:৪১ অপরাহ্ন
​প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে চিফ হুইপের কবিতা পাঠ ​ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় সংসদে কবিতা আবৃত্তি করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রীর নাম আসায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে তাকে অভিনন্দন জানান চিফ হুইপ। এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে আনন্দ প্রকাশ করেন। এরপর নূরুল ইসলাম মনি একটি কবিতা পাঠ করেন, তবে কবিতাটির রচয়িতার নাম তিনি উল্লেখ করেননি।

এর আগে নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় নিয়মিত গান ও কবিতা পাঠ হলেও ত্রয়োদশ সংসদে এটিই প্রথম।

গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হয়। সেদিনই সংসদের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে নিয়ে প্রখ্যাত কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগ সরকারের আমলেও সংসদের বৈঠকে বেশ কয়েকজন সদস্য গান গেয়ে ও কবিতা পাঠ করে আলোচিত হয়েছিলেন। তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফিস ওসমান ও সংসদ সদস্য-শিল্পী মমতাজ এ ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত হন। প্রধানমন্ত্রীর এ ধরনের প্রশংসা করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছিলেন তৎকালীন একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য।

বৃহস্পতিবার সংসদে চিফ হুইপ বলেন, টাইম ম্যাগাজিনে বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে আমাদের নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম এসেছে। তিনি সম্মানিত মানে দেশ সম্মানিত। প্রধানমন্ত্রী এই জাতিকে সম্মানিত করেছেন। আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

এ সময় সরকারের দুই মাসের কর্মসূচি তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, ১৭ বছর পর দেশে এসে প্রধানমন্ত্রী মানুষের মধ্যে আশা জাগিয়েছেন এবং নির্বাচনের পরপরই তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন।

এরপর তিনি কবিতাটি পাঠ করেন—

তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল,
নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল—
কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।
তিনি এলেন, বললেন খুবই কম কথা,
সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ—
বললেন, উই হ্যাভ এ প্ল্যান।
তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো,
কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মতো।
বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি,
নিজের আলোয় দাঁড়িয়েছিলেন—
দরজাগুলো নিজেই খুলে গেছে।
এখন দূর দেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়,
বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম,
এই দেশের নাম, বাংলাদেশের নাম।
নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়,
নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে
স্বপ্ন জাগিয়ে তোলা, আশা জাগিয়ে তোলা।

কবিতা পাঠ শেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এই অর্জন আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ