ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০১:৩২:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০১:৩২:৩৪ অপরাহ্ন
​বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল ​ছবি: সংগৃহীত
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে অনুযায়ী দেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, গেল ১৩ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৬৬০ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ২১৩ মিলিয়ন ডলার।

এদিকে রেমিট্যান্স প্রবাহেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন মার্কিন ডলার, যা গেল বছরের একই সময়ে ছিল ১ হাজার ২৮৪ মিলিয়ন মার্কিন ডলার। এ হিসাবে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৫ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৮১৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৩ হাজার ৬৯ মিলিয়ন মার্কিন ডলার। ফলে অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ