ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধান খাওয়ার 'অপরাধে' প্রাণ গেল বাবুই পাখির ৩০ ছানার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১২:২২:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০২:০৮:৩৮ অপরাহ্ন
ধান খাওয়ার 'অপরাধে' প্রাণ গেল বাবুই পাখির ৩০ ছানার ​বাবুই পাখির ভেঙে ফেলা বাসাগুলো। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে ধান খাওয়ার অভিযোগে ২৫ থেকে ৩০টি ছোট ছোট বাবুই পাখির ছানা মেরে ফেলার অভিযোগ উঠেছে বাছা মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এছাড়া ২২টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলেছেন ওই ব্যক্তি। উপজেলার পোপাদিয়া ঈশ্বর ভট্ট বাজার ভুবনেশ্বরী মাতৃ মন্দির এলাকায় এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে বুধবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত বাচা মিয়াকে কারাদণ্ডসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত বাছা মিয়া (৪৮) পোপাদিয়া ইউনিয়ন নুরুল ইসলামের ছেলে।

ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, ‘দেশীয় বাবুই পাখির বাসা ভাঙার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি অভিযুক্ত ব্যক্তির ফসলি জমির ধান খেয়েছে পাখি। এ অভিযোগে বাবুই পাখির ২২টি বাসা ভেঙে ফেলে। পাখির বাসাগুলোর মধ্যে আমরা ছোট ছোট ২৫ থেকে ৩০টি পাখির ছানা দেখতে পাই। এ ঘটনায় দায়ী বাচা মিয়া নিজের অপরাধ স্বীকার করেছে। বন্য প্রাণী সংরক্ষণ আইন ১২ এর ৩৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ