ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মে মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৪:২২:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৭:১৬:৪৮ অপরাহ্ন
​মে মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয় ​ছবি: সংগৃহীত
দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। শুধু এপ্রিল নয়, মে মাসেও তেল নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি উদ্ধার অভিযান ও বর্তমান মজুত পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।

যুগ্ম সচিব মনির জানান, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় ও ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে রয়েছে—ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার ও পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার। সম্প্রতি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে মনির হোসেন চৌধুরী বলেন, দেশে বর্তমানে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন ও ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ টন। এ ছাড়া জেট ফুয়েল মজুত রয়েছে ১৮ হাজার ২২৩ টন।

তিনি বলেন, জ্বালানির যে মজুত আছে এতে এপ্রিল শুধু না, মে মাসেও কোনো সমস্যা হবে না। আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না। সরবরাহ কোনোভাবেই কমানো হচ্ছে না।

প্রতিমাসে জ্বালানির দাম সমন্বয় করা হয় উল্লেখ করে যুগ্ম সচিব বলেন, এপ্রিল মাসেও করা হয়েছে। সামনের মাসে কী হবে তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ