ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​মাদারীপুরে

চলন্ত বাসে আগুন, নিহত এক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৮:০২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৮:০৩:৫৬ অপরাহ্ন
চলন্ত বাসে আগুন, নিহত এক ​ছবি: সংগৃহীত
মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে এক যাত্রী চাকার নিচে পিষ্ট হয়ে নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) বিকেলে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসটি কালকিনির ভুরঘাটা ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করে। সে সময় তেলের ট্যাংকের ক্লিপটি অসাবধানতাবশত খোলা রাখা হয়েছিল। বাসটি মেলকাই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায় এবং মুহূর্তেই আগুন ধরে যায়।

বাসের যাত্রী মাসুদ হোসেন জানান, “আমি গৌরনদী থেকে উঠেছিলাম। ওঠার পর থেকেই বাসের ভেতর হালকা পোড়া গন্ধ আসছিল। চালক, হেলপার ও সুপারভাইজার এ নিয়ে নিচু স্বরে কথা বলছিলেন। হঠাৎ আগুন লাগলে সবাই হুড়োহুড়ি শুরু করে।”

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, “খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি পুরোপুরি থামার আগেই জীবন বাঁচাতে অনেক যাত্রী লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় এক যুবক বাসের নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি।”

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, তেলের ক্লিপ খোলা থাকায় এবং পরবর্তীতে গাছের সঙ্গে ধাক্কা লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেছে। অগ্নিকাণ্ডের পর মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ