থামল সুরের সফর
না-ফেরার দেশে আশা ভোসলে
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১২-০৪-২০২৬ ০১:৪১:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৪-২০২৬ ০৪:২৬:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
তাঁর পুত্র আনন্দ ভোসলে ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন আশা ভোসলে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে। ১৯৪৩ সালে ক্যারিয়ার শুরু করেন তিনি। তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল—বিভিন্ন ধারার সংগীতে তাঁর অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে সংগীতপ্রেমীদের উপহার দিয়েছেন ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, ‘পিয়া তু আব তো আজা’ থেকে শুরু করে মেলোডিয়াস গান ‘দিল চিজ কেয়া হ্যায়’— এর মতো জনপ্রিয় গান। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, আশা বিশ্বের সবচেয়ে বেশি স্টুডিও রেকর্ড করা শিল্পী।
দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন। পাশাপাশি তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাঁকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স