ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ইরানের প্রেসিডেন্ট

লেবাননে হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন, আলোচনা অর্থহীন হয়ে যাবে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৮:৪৭:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৮:৪৭:৫১ অপরাহ্ন
লেবাননে হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন, আলোচনা অর্থহীন হয়ে যাবে ​ফাইল ছবি
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পরদিন ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল। এ হামলার প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে। পেজেশকিয়ান আরও বলেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে। 

এছাড়াও লেবানন যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি বলেন, ‘লেবানন এবং সমগ্র প্রতিরোধ অক্ষ, ইরানের মিত্র হিসেবে যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।’ তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলি গুরুতর পরিণতি ডেকে আনবে। 

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, কাতার এবং ওমানে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইরান থেকে কোনো হামলা চালানোর খবর পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, দেশটি আজ হামলা মুক্ত ছিল। সৌদি আরব, কাতার এবং ওমানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার কোনো খবর জানায়নি।

বাহরাইনও বৃহস্পতিবার ইরান থেকে কোনো হামলার ঘটনার কথা জানায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। গতকাল বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। যদিও এর মধ্যেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।


বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ