কার্যক্রম শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৪-২০২৬ ০৩:০৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৪-২০২৬ ০৩:০৩:৫৫ অপরাহ্ন
ফাইল ছবি
জ্বালানি বিতরণে সুশৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল অ্যাপ ভিত্তিক ‘ফুয়েল পাস’ পাইলটিং কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে জ্বালানি বিতরণে বিলম্ব এবং বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ থাকা সত্ত্বেও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। একই ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করায় কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে।
এই সমস্যা মোকাবিলায় ডিজিটাল সিস্টেমটি সম্পূর্ণ অটোমেশন ও রিয়েল-টাইম মনিটরিং-এর আওতায় কাজ করবে। সিস্টেমটি বিআরটিএর কেন্দ্রীয় ডাটাবেসের সঙ্গে সংযুক্ত থাকবে, ফলে জ্বালানি বিতরণ আরও স্বচ্ছভাবে পরিচালিত হবে। নাগরিকরা স্মার্টফোন না থাকলেও ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কিউআর কোড ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
প্রাথমিকভাবে অ্যাপটি মোটরসাইকেল মালিক/চালকদের জন্য ঢাকার দুইটি ফিলিং স্টেশনে (ট্রাস্ট, তেজগাঁও; সোনারবাংলা, আসাদগেট) পাইলটিং করা হচ্ছে। সফল পরীক্ষার পর ধাপে ধাপে দেশের সব যানবাহনের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে।
এ সিস্টেমের মাধ্যমে যেসব সুবিধা পাওয়া যাবে
* ফিলিং স্টেশন মালিকরা ডিজিটাল মাধ্যমে জ্বালানির বরাদ্দ এন্ট্রি দিয়ে ভোক্তাদের ফুয়েল বিতরণ করতে পারবেন।
* কিউআর কোড স্ক্যানের মাধ্যমে একজন চালক ফুয়েল গ্রহণ করতে পারবেন এবং একইসঙ্গে নিজের জন্য নির্ধারিত বরাদ্দ দেখতে পারবেন।
* কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহ ও বিতরণের অবস্থা রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
* এ উদ্যোগ বাস্তবায়নের ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে, অনিয়ম ও অপচয় হ্রাস পাবে এবং সংকটকালীন সময়ে কার্যকরভাবে জ্বালানি ব্যবস্থাপনা করা সম্ভব হবে।
* জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আশা করছে, সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতায় এই আধুনিক ব্যবস্থাটি বৃহৎ পরিসরে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স