ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলার নিন্দা

লেবাননেও যুদ্ধবিরতি চাইলো অস্ট্রেলিয়া-স্পেন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১১:২৯:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০১:১৮:২৮ অপরাহ্ন
লেবাননেও যুদ্ধবিরতি চাইলো অস্ট্রেলিয়া-স্পেন ​অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফাইল ছবি
লেবাননে আবারও ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই নজিরবিহীন হামলায় নারী ও শিশুসহ ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। এই হামলার নিন্দা জানিয়ে লেবাননেও যুদ্ধবিরতি চেয়েছে অস্ট্রেলিয়া ও স্পেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, সেটি লেবাননেও প্রযোজ্য হওয়া উচিত। লেবাননে চলমান পরিস্থিতি নিয়ে অনেক অস্ট্রেলিয়ান উদ্বিগ্ন। 

ব্রিসবেনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন। অ্যালবানিজ বলেন, এই সংকট শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান যুদ্ধবিরতি আরও বিস্তৃত করে লেবাননসহ পুরো অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।

এদিকে, লেবাননে সম্প্রতি চালানো ভয়াবহ ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে মানবজীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শনের অভিযোগ তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

একই সঙ্গে তিনি চলমান যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর বিরুদ্ধে এমন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।

এক্সে দেওয়া ওই পোস্টে পেদ্রো সানচেজ লেখেন, অভিযান শুরু হওয়ার পর লেবাননের ওপর নেতানিয়াহু আজ সবচেয়ে জঘন্য হামলাটি চালিয়েছেন। মানবজীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি তার এই অবজ্ঞা একেবারেই অসহ্য। বিষয়টি নিয়ে এখন সরাসরি কথা বলার সময় এসেছে উল্লেখ করে তিনি আরও লেখেন, লেবাননকে অবশ্যই যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করতে হবে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পোস্টে আরও যুক্ত করেন, আন্তর্জাতিক আইনের এই নগ্ন লঙ্ঘনের অবশ্যই সবাইকে নিন্দা জানাতে হবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ইসরায়েলের সঙ্গে থাকা সহযোগিতামূলক চুক্তি প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলের বর্বরোচিত বিমান হামলায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অস্ট্রেলিয়া, স্পেন ও জাতিসংঘ মানবাধিকার প্রধানের পর এই হামলার নিন্দা জানিয়েছে সিরিয়া ও ওমানও।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৫৪


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ