ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা চালাল কারা?

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৮:২৭:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৮:২৭:৪০ অপরাহ্ন
​যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা চালাল কারা? ​ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে একাধিক বিস্ফোরণের ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে দেশটির লাভান দ্বীপের তেল শোধনাগার এবং সিরি দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই লাভান দ্বীপের তেল শোধনাগারে একাধিক বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সময়ে পারস্য উপসাগরের সিরি দ্বীপ থেকেও বিস্ফোরণের খবর আসে।

সরকারি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই অগ্নিনির্বাপক ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা এবং পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করে।

এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত মেনে চলা সব পক্ষের জন্য বাধ্যতামূলক। দেশের ওপর যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। যদিও এ পর্যন্ত বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি দাবি করেন, আলোচনার ভিত্তি তৈরির জন্য ইরান একটি কার্যকর ১০ দফা প্রস্তাব দিয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালি উন্মুক্ত না করে এবং প্রস্তাবিত শর্ত মেনে না নেয়, তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ